নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
রায়তি জমিতে পাথর খাদান গড়ার উদ্যোগকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায় পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের সরবেড়িয়া গ্রামে। লোকালয়ের মধ্যে খাদান তৈরির প্রতিবাদে জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন গ্রামের মহিলারা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।
জানা গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে গ্রাম লাগোয়া বসতি এলাকাতেই একটি বেসরকারি সংস্থা পাথর খাদান তৈরির প্রস্তুতি শুরু করেছে। আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়েছেন।
গ্রামবাসীদের দাবি, ঘরবাড়ির পাশে খাদান হলে বিস্ফোরণের কম্পনে বাড়ির দেওয়াল ফেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। খাদান চালু হলে ধুলাবালি ও শব্দদূষণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়বে বলেও অভিযোগ। পাশাপাশি পানীয় জলের ট্যাঙ্ক, পুকুর এবং গ্রামের চলাচলের রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। মহিলাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতাই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে বলে দাবি।
অন্যদিকে পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে—একটি পুলিশের পক্ষ থেকে এবং অন্যটি খাদান মালিকের পক্ষ থেকে।
এদিকে আদালতের নির্দেশ সত্ত্বেও খাদান তৈরিতে অনড় নন গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে খাদান নির্মাণের কাজ বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।











Post Comment