insta logo
Loading ...
×

মোবাইল গেম থেকে কিশোরী অপহরণ! ট্রেনপথে কিশোরী পাচারের চেষ্টা? ধৃত যুবক

মোবাইল গেম থেকে কিশোরী অপহরণ! ট্রেনপথে কিশোরী পাচারের চেষ্টা? ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি :

প্রেমের ফাঁদ পেতে কিশোরী পাচারের ছক? ভেস্তে গেল পুলিশের তৎপরতায়। মোবাইল গেমিংয়ের সূত্রে আলাপ, সেখান থেকে প্রেম, আর তার পরেই কিশোরী নিখোঁজ। শেষ পর্যন্ত অপহরণের অভিযোগে আসামের এক বিবাহিত যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার সাঁওতালডিহি থানার পুলিশ। উদ্ধার হয়েছে ওই কিশোরীও। বুধবার সন্ধ্যায় খড়গপুর স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আফাজ হুসেন। আদি বাড়ি বিহারে হলেও বর্তমানে সে আসামের গোলাঘাট জেলার ডেরগাঁও থানার জুরবাড়ি এলাকায় থাকত। বৃহস্পতিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর সাঁওতালডিহি এলাকার বছর আঠারোর কিশোরী দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং স্থানীয় যুবক শাহবাজ আনসারীকে গ্রেফতার করে। জেরায় উঠে আসে আফাজের নাম।

তদন্তে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ট্রেনে করে কিশোরীকে জলপাইগুড়ি হয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিহারের পাটনা হয়ে বেঙ্গালুরু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ফের আসামে ফেরার পথেই খড়গপুরে ধরা পড়ে অভিযুক্ত।

পুলিশের দাবি, ধৃত যুবক বিবাহিত এবং আগেও একাধিক তরুণীকে প্রেমের ফাঁদে জড়ানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় নিছক প্রেম নাকি এর আড়ালে বড় কোনও পাচারচক্র সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Comment