নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
মিড-ডে মিলের রান্না না করে বিস্কুটের প্যাকেট ও কাঁচা ডিম দেওয়া শিক্ষককে শো-কজ করলেন বিডিও।
পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলে প্রায় দশ দিন ধরে মিড-ডে মিল বন্ধ থাকার ঘটনায় এই পদক্ষেপ নেন ওই ব্লকের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ এসআইআরের কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার অজুহাতে স্কুলের টিচার ইনচার্জ অবিনাশ কুইরি নিয়মিত রান্না করা খাবার বন্ধ রেখে পড়ুয়াদের হাতে ছোট বিস্কুটের প্যাকেট ও কাঁচা ডিম দিয়ে বাড়ি পাঠাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এই অভিযোগে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দেন বিডিও। তদন্ত রিপোর্ট জমা পড়তেই ওই ভারপ্রাপ্ত শিক্ষক তথা টিচার ইনচার্জকে দেওয়া হয় শো-কজ নোটিশ। ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। তবে সোমবার থেকেই পুনরায় মিড-ডে মিলের রান্না শুরু হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বিদ্যালয়ে পৌঁছন ঝালদার বিডিও ও মহকুমাশাসক মানসকুমার পান্ডা। তাঁরা রান্নার প্রক্রিয়া, খাদ্যের মান দেখে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৪ জন পড়ুয়া রয়েছে। টিচার ইনচার্জ সহ মোট ২ জন শিক্ষক রয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী মিড-ডে মিল ব্যবস্থাপনার দায়িত্ব ভারপ্রাপ্ত শিক্ষকের উপর-ই বর্তায়। কিন্তু সেই দায়িত্ব থেকে সরে এসে শুকনো খাবার দিয়ে বাড়ি পাঠানোর অভিযোগই কাল হলো ওই শিক্ষকের।
অভিভাবকদের দাবি, “বাচ্চাদের জন্য সরকার এত কিছু করছে, আর শিক্ষক নিজের সুবিধার জন্য রান্না বন্ধ রাখলে তা মেনে নেওয়া যায় না।” তবে প্রশাসনের আশ্বাস এই ধরনের অবহেলা কোনভাবেই বরদাস্ত করা হবে না।











Post Comment