নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রার্থী ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়। তাঁর প্রচারের ধরন ও আত্মবিশ্বাসী বার্তা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষ করে জেলার সমস্ত আসনে জয়ের লক্ষ্য এবং রাজ্যে বড় ব্যবধানে ক্ষমতায় আসার দাবি তুলে তার প্রচারে এক আলাদা মাত্রা যোগ করেছে বিজেপি।
সকাল থেকেই নিজের এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে বের হন সুদীপ মুখোপাধ্যায়। প্রচারের শুরুতেই তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে প্রণাম করেন এবং এলাকার প্রবীণ বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাঁদের আশীর্বাদ নেন। এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের মতামত শোনার চেষ্টা করেন তিনি, যা তার প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে ধরা হচ্ছে।
প্রচারের আগে তাঁর বাড়িতে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমে। সেখানে তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর বাজনা বাজিয়ে, দলীয় পতাকা হাতে নিয়ে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচার শুরু হয়। পায়ে হেঁটে এলাকায় এলাকায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি।
বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় বলেন, “জেলায় ৯-০ আসন পেয়ে জিতবে বিজেপি। রাজ্যে আমরা ২০০ আসন পেয়ে সরকার গঠন করব। মানুষের মধ্যে যে পরিবর্তনের ইচ্ছা, তা আমরা স্পষ্টভাবে অনুভব করছি।”
তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দিকে বার্তা ছুঁড়ে দিয়ে তিনি কার্যত জানিয়ে দিয়েছেন, এই নির্বাচনে বিজেপি বড় লড়াইয়ের জন্য প্রস্তুত।
পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণে তাঁর এই সক্রিয় প্রচার এবং উচ্চকিত বার্তা আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার ।










Post Comment