নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কেন্দ্র ও রাজ্য সরকারের একের পর এক জনবিরোধী নীতি, প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে সরব হলো এসইউসিআই কমিউনিস্ট। শুক্রবার পুরুলিয়া শহরে হাটের মোড়ে এসইউসিআই কমিউনিস্ট পুরুলিয়া লোকালের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা থেকে এসআইআর শুনানির নামে বৃদ্ধ ও অসুস্থ মানুষদের হয়রানি, জাতীয় শিক্ষানীতি ২০২০ ও রাজ্য শিক্ষানীতি ২০২৩ বাতিলের দাবি, ট্রেন চলাচলে চরম গাফিলতি ও লাগামছাড়া ভাড়া বৃদ্ধি, শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুৎ ক্ষেত্রে দুর্নীতির রমরমা, আরাবল্লী পর্বতমালা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র এবং সরকারি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, “সাধারণ মানুষের ন্যূনতম অধিকার আজ প্রশ্নের মুখে। বয়স্ক ও অসুস্থ মানুষদের নিয়ে যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে কর্পোরেটদের মুনাফা লুটের পথ প্রশস্ত করা হচ্ছে।”
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট)
-এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা কমিটির সদস্য বিকাশ কুমার, লোকাল সম্পাদক সুব্রত মুখার্জি সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও প্রায় ১৫ জন পার্টি সদস্য ও সমর্থক সভায় অংশগ্রহণ করেন। সকাল সাড়ে দশটা থেকে হওয়া এই সভা চলাকালীন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে হাটের মোড় এলাকা। নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান, “জনস্বার্থে এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আকারে গড়ে তোলা হবে।”











Post Comment