শুভদীপ মাহাত, পুরুলিয়া:
নির্বাচন ঘোষণা হতেই আটঘাট বেঁধে মাঠে নামল পুরুলিয়া জেলা প্রশাসন। আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কড়াকড়িভাবে কার্যকর করতে ইতিমধ্যেই জেলার ৯টি বিধানসভার জন্য ৩৪৩টি এমসিসি টিম সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, যেকোনো ধরনের নিয়মভঙ্গের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তৈরি থাকছে ৭৮টি ফ্লাইং স্কোয়াড।
ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেতেই সরকারি দেওয়াল, রাস্তাঘাট থেকে সমস্ত রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, হোর্ডিং এবং সরকারি প্রকল্পের প্রচার সরিয়ে ফেলার কাজ শুরু করেছে এই এমসিসি টিমগুলি। কমিশনের স্পষ্ট নির্দেশ, নজরদারির কাজে বিন্দুমাত্র গাফিলতি হলে বা কমিশনে অভিযোগ জমা পড়লেই সরাসরি পদক্ষেপ নেবে ফ্লাইং স্কোয়াড।
সরাসরি নজরদারির পাশাপাশি ভোট পরিচালনার অন্যান্য প্রশাসনিক প্রস্তুতিও প্রায় শেষ করে ফেলেছে জেলা প্রশাসন। পুলিশদের সেক্টর অফিসার ট্রেনিং থেকে শুরু করে এসএসটি, ভিএসটি-ভিভিটি, প্রার্থীদের খরচের হিসাব রাখার বিশেষ দল এবং মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব শেষ করেছে প্রশাসন। ভোটকর্মীদের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি, ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সফটওয়্যারের মাধ্যমে বিধানসভা ভিত্তিক ইভিএম বরাদ্দের কাজ যাতে নির্ভুল হয়, তার সমস্ত রূপরেখাও প্রস্তুত রাখা হয়েছে।
একনজরে জেলার ৯ বিধানসভায় এমসিসি ও ফ্লাইং স্কোয়াড:
প্রশাসনের তথ্য অনুযায়ী, এই নজরদারির কাজে সবচেয়ে বেশি এমসিসি টিম মোতায়েন থাকছে জয়পুরে এবং সবচেয়ে কম কাশিপুরে।
বান্দোয়ান: এমসিসি ৫১, ফ্লাইং স্কোয়াড ৯
বলরামপুর: এমসিসি ২৯, ফ্লাইং স্কোয়াড ৯
বাঘমুন্ডি: এমসিসি ৫১, ফ্লাইং স্কোয়াড ৯
জয়পুর: এমসিসি ৬৯, ফ্লাইং স্কোয়াড ৮
পুরুলিয়া: এমসিসি ২৪, ফ্লাইং স্কোয়াড ৯
মানবাজার: এমসিসি ৩০, ফ্লাইং স্কোয়াড ৯
কাশিপুর: এমসিসি ১৮, ফ্লাইং স্কোয়াড ৭
পাড়া: এমসিসি ৪০, ফ্লাইং স্কোয়াড ৯
রঘুনাথপুর: এমসিসি ৩১, ফ্লাইং স্কোয়াড ৯










Post Comment