নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
শীতের মরসুমে পুরুলিয়ার বিভিন্ন হাট–বাজারে সবজির দাম লাগাতার বেড়ে সাধারণ মানুষের অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। অভিযোগ, অনেক জায়গায় বিক্রেতারা নিজেদের মতো করে মূল্য ধার্য করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছেন। এই পরিস্থিতিতে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং অস্বাভাবিক দামবৃদ্ধি রুখতে জেলা প্রশাসনের টাস্ক ফোর্স শুক্রবার পুরুলিয়া শহরের বড় হাটসহ মানবাজার, ঝালদা, জয়পুর, আদ্রা ও রঘুনাথপুরের বাজারগুলিতে অভিযান চালায়।
অভিযানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি ও কৃষি বিপণন দপ্তর, হর্টিকালচার, খাদ্য সুরক্ষা দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা। তারা সবজি, ফল, মাছ ও মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে দোকানগুলির মূল্য তালিকা পরীক্ষা করেন। কোথাও বেশি দামের অভিযোগ পাওয়া গেলে তার কারণ জানতে চান।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি, কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও অধিকাংশ সবজির মূল্য এখনও নিয়ন্ত্রণের বাইরে। তাই এমন নজরদারি নিয়মিত হওয়া প্রয়োজন।
এক সবজি ক্রেতা সমীর কুমার গুপ্ত, বলেন, “দাম অনেকটাই বেশি। তাই প্রশাসনের এই অভিযান খুবই জরুরি। এতে বিক্রেতারা বুঝবেন যে নজরদারি চলছে, ফলে দাম নিয়ন্ত্রণে আসবে।”
অভিযান চলাকালীন আধিকারিকরা স্পষ্ট নির্দেশ দেন, নির্ধারিত বাজারদামের চেয়ে বেশি দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজার চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতেও বিক্রেতাদের সতর্ক করা হয়। রাস্তার উপর সবজির উচ্ছিষ্ট বা মাছ–মাংসের বর্জ্য না ফেলতে স্পষ্ট বার্তা দেন তারা।
অভিযান ব্যাপক সাড়া ফেলেছে বাজার এলাকাজুড়ে। প্রশাসনের আশা, এতে কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি পাবেন।










Post Comment