নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
যখন ট্রাভিস হেডের মতো ব্যাটিং করছে পুরুলিয়ার শীত, যখন তাপমাত্রার পারদ নেমে যাচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, তখন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের কার্যালয় থেকে এসি মেশিন চুরি! রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা ঘিরে।
এই মেডিকেল কলেজ হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডের কার্যালয়ে তিনটি এয়ার কন্ডিশনার মেশিন বসানো ছিল। গত বৃহস্পতিবার ওই তিনটি মেশিনের মধ্যে একটি মেশিন চুরি যায়। শুক্রবার এই মর্মে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি সুকমল বিষই। তদন্ত শুরু হয়েছে।
রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডাতেও এসি মেশিন চুরির ঘটনা রসালো আলাপের বিষয় হয়েছে বিভিন্ন আড্ডায়। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা। কনকনানি শীতের আমেজ মিলছে। শনিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এদিন ছিল এই মরশুমের শীতলতম দিন। শুক্রবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রতি বছরই পুরুলিয়ার শীত গ্যাংটক, কালিংপং এর সঙ্গে পাল্লা দিচ্ছে। শনিবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় এই জেলা কার্যত জবুথবু। শুধু দেরিতে করে ঘুম ভাঙা নয়। এদিন পুরুলিয়ার বিভিন্ন জায়গায় সকাল দিকে আগুন পোহানোর ছবিরও দেখা মেলে।
বাসে ট্রেনে ভিড় কমলেও ভিড় বাড়ছে শহর পুরুলিয়ার রাঁচি রোডের অস্থায়ী তাঁবু শীতবস্ত্রের তিব্বত মার্কেটে।
শীত পড়তেই পুরুলিয়ায় শুরু হয়েছে পর্যটনের মরশুম। বুকিং করতে শুরু করেছেন পর্যটকরা। বড়দিন, নিউ ইয়ারের দিনগুলো কার্যত হাউসফুল।
জেলার বিভিন্ন পর্যটনস্থলের কটেজ, রিসোর্টগুলিতে শুরু হয়ে গেছে ক্যাম্প ফায়ার। শীতের রোদ গায়ে মেখে আপ্লুত পর্যটকরা।











Post Comment