insta logo
Loading ...
×

রঙে সুরে বসন্তবরণ, শান্তিনিকেতনের আবহ পুরুলিয়ায়

রঙে সুরে বসন্তবরণ, শান্তিনিকেতনের আবহ পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দোল ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে রঙে, সুরে এবং সংস্কৃতির আবহে মোড়া এক অনন্য পরিবেশের সাক্ষী থাকল পুরুলিয়া । এক টুকরো শান্তিনিকেতনের আবহ যেন নেমে এল গোটা জেলাজুড়ে। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় রঙের উৎসব, যার কেন্দ্রে ছিল মানুষের মিলনমেলা, সম্প্রীতি আর সাংস্কৃতিক উদযাপন।

পুরুলিয়া শহরের উপকণ্ঠে সুরুলিয়ায় সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। আবির খেলায় মেতে ওঠার পাশাপাশি আয়োজিত হয় নাচ-গান, কবিতা পাঠ, আবৃত্তি এবং বসন্তবরণ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। খোলা আকাশের নীচে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক আনন্দের আবহ তৈরি করেছে।

এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা প্রিয়মঞ্জরী সংস্থার আয়োজক এষণা সিংহ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল পুরুলিয়ার মানুষকে একত্রিত করে বসন্তের আনন্দকে সাংস্কৃতিক আবহে উদযাপন করা। শুধু রঙ খেলাই নয়, গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে আমরা বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। নতুন প্রজন্ম যাতে নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, সেটাই আমাদের প্রয়াস। আগামী দিনেও আরও বড় পরিসরে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।”

শুধু রঙের উৎসব নয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। প্রথাগত বসন্তবরণের আদলে সাজানো মঞ্চ, হলুদ-কমলা এবং বিভিন্ন রঙের পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা এবং রবীন্দ্রসংগীতের সুরে মুখর পরিবেশ গোটা অনুষ্ঠানকে দিয়েছে আলাদা মাত্রা।

Post Comment