নিজস্ব প্রতিনিধি, পাড়া:
শ্বশুর ও শাশুড়ির হাতে আক্রান্ত হল জামাই । পরে অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেফতার করল পাড়া থানার পুলিশ। পলাতক শাশুড়ি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পাড়া থানার রাহেরডি গ্রামে। পুলিশ জানায়, ধৃতের নাম দারকু দাস। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বৃহস্পতিবার পাড়া থানার বালিচষা গ্রামের বাসিন্দা সুরেশ দাস পুলিশকে জানান, বুধবার তার ভাই জিতেন দাস রাহেরডি গ্রামে গিয়েছিলেন স্ত্রী ও ছেলেকে আনতে। কিন্তু রাতে ভাই রক্তাক্ত জখম অবস্থায় বাড়িতে ফিরে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, তার ভাই বাড়িতে এসে জানান শ্বশুর বাড়িতে তার সঙ্গে শ্বশুর শাশুড়ির বচসা শুরু হয় । তখনই শ্বশুর ও শাশুড়ি লাঠি এবং ধারালো কুড়ুল নিয়ে তার উপর হামলা চালায়। শাশুড়ির কুড়ুলের কোপে তার মাথা ফেটে যায়।









Post Comment