insta logo
Loading ...
×

শিক্ষক শূন্য স্কুল, পড়াশোনা লাটে

শিক্ষক শূন্য স্কুল, পড়াশোনা লাটে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি যেতেই চরম সমস্যা জঙ্গলমহল পুরুলিয়ায়। একের পর এক স্কুল শিক্ষক শূন্য। কোথাও ইতিহাস, কোথাও রাষ্ট্রবিজ্ঞান, কোথাও আবার জীববিদ্যা, পদার্থবিদ্যা, অঙ্ক। এককথায় সুপ্রিম কোর্টের রায়ে লাটে উঠেছে পঠন পাঠন।
পাড়া ব্লকের ভাগাবাঁধ হাইস্কুলে সুপ্রিম কোর্টের রায়ে ৫ জন শিক্ষকের চাকরি গিয়েছে। স্কুলের দু’জন ইতিহাস শিক্ষক ছিলেন। পুরুলিয়ার সাউথ লেক রোডের বাসিন্দা রমেশচন্দ্র মাহাতো ও নদিয়ার বাপ্পা প্রামানিক। দুজনেই
কর্মহারা। কে পড়াবেন ইতিহাস? বুঝতে পারছে না স্কুল। স্কুলে পূর্ব মেদিনীপুরের দীঘার বাসিন্দা সুশোভন মান্না পদার্থ বিদ্যার শিক্ষক ছিলেন। তাঁর সঙ্গে চাকরি হারিয়েছেন ওই স্কুলে অঙ্কের শিক্ষক পুরুলিয়ার দুলমির বাসিন্দা প্রভাতচন্দ্র মন্ডলও। একই অবস্থায় জীব বিদ্যার শিক্ষক বাঁকুড়ার পুয়াবাগানের বাসিন্দা অরজিত গণ। ওই স্কুলে বিজ্ঞান বিভাগ পড়ানোর মতো আর কেউ নেই। ১৬০০ পড়ুয়ার স্কুলে এখন শিক্ষক ১১ জন। স্কুলের টিচার-ইন-চার্জ সুকুমার ধীবর বলেন, ” ওই ৫ জন শিক্ষক স্কুল থেকে চলে যাওয়ায় অসহায় লাগছে। বিপুল সংখ্যক পড়ুয়াকে নিয়ে মনে হচ্ছে পথে বসে গেলাম। ওই শিক্ষকরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ‘রত্ন’ ছিলেন। তাঁদের জন্য অবসরের দোরগড়ায় থাকা স্কুলের দুই শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।”

একই দৃশ্য কাশিপুরের জনার্দন কিশোর মেমোরিয়াল গার্লস হাই স্কুল। এখানে রসায়ন বিভাগের শিক্ষিকা অনিন্দিতা পালের চাকরি যাওয়ায় ওই স্কুলে রসায়ন বিভাগ শূন্য হয়ে গিয়েছে। একইভাবে ওই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা
উত্তর ২৪ পরগনার বারাসাতের পিয়াসী দত্ত-র চাকরি যাওয়ায় ওই স্কুলে ওই
বিষয় পড়ানোর আর কেউ নেই। ফলে ওই দুই বিষয়ে পাঠদান কে করবে বুঝতে পারছে না স্কুল। ওই শিক্ষা প্রতিষ্ঠানের টিচার-ইন-চার্জ নমিতা রায় বলেন, ” ওই দুই বিষয়ের পঠন-পাঠন কিভাবে চলবে বুঝতে পারছি না।”

একই ছবি পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা হাইস্কুলেও। ওই স্কুলের ইতিহাসের শিক্ষক চিত্তরঞ্জন মাহাতো চাকরিহারা হওয়ায় সেখানে ওই বিষয় পড়ানোর আর কেউ নেই।

একইভাবে ঝালদা ২ ব্লকের চেক্যা হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা যুথিকা মন্ডল চাকরিহারা হওয়ায় ওই স্কুলে এই বিষয়ের শিক্ষক শূন্য হয়ে গিয়েছে। ফলে বিপাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

Post Comment