নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
মোবাইল টাওয়ার বসিয়ে মোটা অঙ্কের আয় করার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। তবুও একই ফাঁদে পড়ে আবারও প্রতারিত হলেন পুরুলিয়ার সাঁতুড়ি এলাকার এক বাসিন্দা। প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একই ধরনের প্রতারণার শিকার হয়েছিলেন ওই ব্যক্তি। ২০২৪ সালেও মোবাইল টাওয়ার বসানোর নাম করে তার কাছ থেকে প্রায় ৯৪ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে জানা যায়। সেই ঘটনার পরও একই কৌশলে আবারও প্রতারণা হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনায় মঙ্গলবার সাঁতুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘোড়ামুর্গা গ্রামের বাসিন্দা দিলীপ কুমার মণ্ডল। অভিযোগে তিনি জানান, একটি বেসরকারি কোম্পানির মোবাইল টাওয়ার বসানোর জন্য জমি প্রয়োজন বলে তাঁর কাছে ফোন আসে। প্রতারকরা দাবি করে, টাওয়ার বসানোর জন্য জমি দিলে এককালীন মোটা অঙ্কের অর্থ দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ভাড়াও দেওয়া হবে।
এই প্রলোভন দেখিয়ে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে তার কাছ থেকে মোট ২ লক্ষ ৩৮ হাজার ৫৪০ টাকা আদায় করে নেওয়া হয় বলে অভিযোগ। টাকা নেওয়ার পর প্রতারকদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
ঘটনার পর সাঁতুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে।










Post Comment