নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে চরম অনুন্নয়নের অভিযোগ তুলে সরব হল শ্মশানডি গ্রাম। গ্রামজুড়ে এখন একটাই স্লোগান “আগে রাস্তা, পরে ভোট”। বলরামপুর ব্লকের শ্মশানডি গ্ৰামে শনিবার সকাল থেকেই গ্রামের প্রায় প্রতিটি দেওয়ালে এই বার্তা লিখে প্রতিবাদে সামিল হয়েছেন বাসিন্দারা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে তারা সম্মিলিতভাবে ভোট বয়কট করবেন।
গ্রামবাসী দামিনী সিং সর্দার বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ন্যূনতম পরিকাঠামোরও অভাব রয়েছে বলে দাবি তাদের। পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। গ্রামের একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজ কয়েক বছর আগে শুরু হলেও তা আজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
তবে সব সমস্যার মধ্যে সবচেয়ে বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে বেড়মা গ্রাম থেকে শ্মশানডি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা। অভিযোগ, বর্ষাকালে কাদা ও জল জমে চলাচল কার্যত অসম্ভব হয়ে ওঠে। অসুস্থ রোগী নিয়ে যাতায়াত বা পড়ুয়াদের স্কুলে পৌঁছানো সব ক্ষেত্রেই চরম সমস্যার মুখে পড়তে হয় গ্রামবাসীদের।
ভোট যত এগিয়ে আসছে, ততই শ্মশানডি গ্রামের এই প্রতিবাদ স্থানীয় রাজনীতিতে নতুন চাপ তৈরি করছে বলে মনে করা হচ্ছে। ভোট বয়কটের ডাক শাসক ও বিরোধী— উভয় পক্ষকেই অস্বস্তিতে ফেলেছে।










Post Comment