insta logo
Loading ...
×

আবাস যোজনার বাড়ির দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আবাস যোজনার বাড়ি না পাওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বুধবার পুরুলিয়া–বরাকর রাজ্য সড়কে অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপি নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সংগঠিত হয় বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে আবাস যোজনার আওতায় বাড়ি না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে আসছিল এলাকার বহু পরিবার। অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত উপভোক্তারা। এদিন সেই ক্ষোভই রাজ্য সড়ক অবরোধে রূপ নেয়। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রামবাসী ঊষা বাউরি বলেন, “আমরা বহুদিন ধরে আবেদন করছি, কিন্তু এখনও বাড়ি পাইনি। অনেকেই খুব খারাপ অবস্থায় বসবাস করছেন।”
আর এক বাসিন্দা নমিতা বাউরি জানান, “এলাকার বহু মানুষ ভগ্নপ্রায় মাটির বাড়ি কিংবা অস্থায়ী ত্রিপলের ছাউনির নিচে থাকেন। বর্ষার সময় খুব সমস্যায় পড়তে হয়। আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিজেদের বাড়ি তৈরি করা সম্ভব নয়।”

অভিযোগ উঠেছে, রাঘবপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত হওয়ায় কিছু মানুষ আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগই তুলছেন রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত অধিকারী। তিনি বলেন, “সরকারি নিয়ম মেনে তালিকা তৈরি করা হচ্ছে না। রাজনৈতিকভাবে এই পঞ্চায়েতকে বঞ্চিত করা হচ্ছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয়দের মতে, বাড়ি না মেলার ক্ষোভ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

Post Comment