insta logo
Loading ...
×

পুলিশ সুপারের ছবি নিয়ে মিছিল! কী হলো রেলশহর আদ্রায়?

পুলিশ সুপারের ছবি নিয়ে মিছিল! কী হলো রেলশহর আদ্রায়?

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

রেলশহর আদ্রার তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে হত্যাকাণ্ডের মূল পান্ডা অবশেষে পুলিশের জালে! উত্তর ২৪ পরগনার নিমতা থেকে ধরা পড়েছে কুখ্যাত সমাজবিরোধী পিন্টু ঘোষ। পাশাপাশি বিহার থেকে গ্রেফতার হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী জুগনু সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় দু’জনেই অপরাধের কথা স্বীকার করেছে। মূলত রেলওয়ের সিন্ডিকেট রাজ হত্যার মোটিভ বলে জানতে পেরেছে পুলিশ।

এই অভূতপূর্ব সাফল্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে আদ্রা শহরে তৃণমূলের উদ্যোগে মিছিল হয়। হাতে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তৃণমূল কর্মীরা শহর পরিক্রমা করেন। পরে আদ্রা থানায় গিয়ে আইসি ও মহকুমা পুলিশ আধিকারিককে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ২২ জুন সন্ধ্যায় রেলশহর আদ্রার তৃণমূল পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। আততায়ীদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও। ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে আদ্রা।

প্রথমে পুলিশ গ্রেফতার করে আরশাদ হুসেন ও মহম্মদ জামাল নামে দু’জনকে। কয়েকদিন পর ধরা পড়ে বিহারের জামুইয়ের বাসিন্দা আরজু মালিক, যে ছিল ভিন রাজ্যের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত দুষ্কৃতী। এরপর বিহারের গোপালগঞ্জ জেলার কেটিয়া থেকে গ্রেফতার করা হয় শার্প শ্যুটার রত্নেশ কুমার পান্ডেকে।

তদন্তে প্রকাশ, মূলচক্রী পিন্টু ঘোষই জুগনু সিংয়ের মাধ্যমে সুপারি কিলারদের ভাড়া করে। অস্ত্র, মোটরবাইক ও অর্থ—সবই জোগাড় করে দেয় সে নিজে। বহুদিনের চেষ্টায় শেষমেশ পুলিশ তাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে।

Post Comment