শুভদীপ মাহাত, পুরুলিয়া:
বসন্ত মানেই তো রঙের কোলাহল, পুরোনো জীর্ণতাকে সরিয়ে নতুনের আবাহন। আর ফাগুনের সেই রঙিন ছোঁয়াতেই যেন এক নিমেষে মুছে গেল সমাজের যাবতীয় ভেদাভেদ আর সংকোচের ধূসরতা। রঙের উৎসব দোল বা বসন্ত উৎসব উপলক্ষে ঠিক এমনই এক অনাবিল আনন্দ আর সম্প্রীতির ছবি ধরা পড়ল পুরুলিয়ার আদ্রা শহরের উপকণ্ঠে।
আদ্রা সংলগ্ন মনিপুর লেপ্রসি রিহ্যাবিলিটেশন সেন্টার এবং মনিপুর কলোনিতে প্রতি বছরের মতো এবারও আনন্দঘন বসন্তের সাক্ষী থাকলেন আবাসিকরা। শিশু থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি, সকলেই একযোগে মেতে উঠলেন রঙের এই উৎসবে। বাতাসে উড়ল লাল-নীল-সবুজ আবির, আর সেই রঙের ছটার সঙ্গেই সকলের হৃদয়ে ছড়িয়ে পড়ল ভালোবাসা, সম্প্রীতি ও নিবিড় ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল বার্তা। আবাসিকদের মুখে এদিন যে নিষ্পাপ হাসি ফুটে উঠেছিল, তা যেন সমস্ত সামাজিক বাধা ও কুসংস্কারকে অনায়াসেই হার মানায়। এদিন সমস্ত ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে হাত মিলিয়ে একে অপরকে আবিরে রাঙিয়ে দেন। প্রবীণদের স্নেহ-আশীর্বাদ আর শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে যায় এদিন।
এই বিশেষ উদ্যোগ ও উৎসব প্রসঙ্গে রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্ণধার নবকুমার দাস বলেন, “এই উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই যে, আমরা আমাদের সেন্টারের সব মানুষের পাশে সব দিন এই ভাবেই আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব”।










Post Comment