নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
রাতের অন্ধকারে গোপন সূত্রে পেয়ে চললো পুলিশি অভিযান। একটি লাইন হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ। বৈধ নথি ছাড়া মদ মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নিয়মিত টহলের সময় গোপন সূত্র থেকে খবর আসে যে দুর্মুট এলাকায় একটি লাইন হোটেলে গোপনে মদ বিক্রির আসর বসছে। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ দল সেখানে পৌঁছে আকস্মিক তল্লাশি চালায়। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬টি বিদেশি মদের বোতল উদ্ধার হয়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা মদ বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
এই ঘটনায় অবৈধ মদ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পলাশ মাজী ও সুব্রত মণ্ডল নামে দুই ব্যক্তিকে। তাঁদের বাড়ি যথাক্রমে রঘুনাথপুর থানার নতুনডি ও বরদা গ্রামে বলে জানা গেছে। পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।











Post Comment