insta logo
Loading ...
×

গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ পুরুলিয়ার কুড়মি যুবক, ১০ মাসেও মেলেনি খোঁজ, পাশে তৃণমূল

গুজরাটে কাজে গিয়ে নিখোঁজ পুরুলিয়ার কুড়মি যুবক, ১০ মাসেও মেলেনি খোঁজ, পাশে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, পাড়া :

গুজরাটের আমেদাবাদে ওষুধ কারখানায় কাজ করতে গিয়ে নিখোঁজ পুরুলিয়ার পাড়া থানার কেটলাপুর গ্রামের বছর আঠাশের কুড়মি যুবক অনুপ মাহাতো। বাড়ি ফেরার উদ্দেশ্যে গত বছরের ১ মে কর্মস্থল থেকে ট্রেনে রওনা দেওয়ার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। ফোন বন্ধ। টানা ১০ মাস ধরে ছেলের অপেক্ষায় দিন গুনছেন মা পানুবালা মাহাতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর ধরে আমেদাবাদের একটি ওষুধ কারখানায় কাজ করছিলেন অনুপ। ২০২৫ সালের মকর সংক্রান্তিতে শেষবার বাড়ি এসেছিলেন। ২৯ মে পাড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। গুজরাটে সিআইডি তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি।

বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন অনুপ। তাঁর নিখোঁজ হওয়ায় আর্থিক সঙ্কটে পড়েছে পরিবার। সম্প্রতি বরাবাজারের পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর খুনের ঘটনার পর বিষয়টি নতুন করে সামনে আসে। গত রবিবার জেলা তৃণমূলের একটি প্রতিনিধি দল অনুপের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেয়। প্রতিনিধি দলে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ- সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূলের দুই সম্পাদক হংসেশ্বর মাহাতো ও সৌমেন বেলথরিয়া, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুষেন চন্দ্র মাঝি, দলের জেলা সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি প্রমুখ।

পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “নিখোঁজ অনুপকে খুঁজে বের করবই। যতদিন না সে ফিরে আসছে, দল ওই পরিবারের পাশে আছে।”
,
এদিকে জঙ্গলমহল স্বরাজ মোর্চা মুখ্যমন্ত্রীর দফতর ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের দ্বারস্থ হয়েছে। পরিবারের দাবি, দ্রুত রহস্যভেদ করে অনুপের সন্ধান দিক প্রশাসন।

Post Comment