insta logo
Loading ...
×

বিজ্ঞান চেতনার বার্তা নিয়ে জাতীয় মঞ্চের পথে পূর্বাঞ্চল সেরা পুরুলিয়ার স্কুল ছাত্র

বিজ্ঞান চেতনার বার্তা নিয়ে জাতীয় মঞ্চের পথে পূর্বাঞ্চল সেরা পুরুলিয়ার স্কুল ছাত্র

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিজ্ঞানচেতনা ও সবুজ প্রযুক্তির বার্তা নিয়ে পুরুলিয়ার এ জি পি এন কনভেন্ট স্কুল আবারও নজর কাড়ল সমগ্র পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিসরে। কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম আয়োজিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জোনাল স্তরের বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে স্কুলটি।
গত ১১ই নভেম্বর কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ওড়িশার একটি স্কুল। তবে পুরুলিয়ার ছাত্রছাত্রীদের পারফরম্যান্স মুগ্ধ করেছে বিচারক থেকে দর্শক সকলকেই।

সিতম চক্রবর্তীর কাহিনি অবলম্বনে এ জি পি এন কনভেন্ট স্কুলের নাটক “পুনর্জন্ম”, যার নাট্যকার অমৃতা ভট্টাচার্য, জোনাল স্তরে পেয়েছে সেরা স্ক্রিপ্টের পুরস্কার। নাটকটির নির্দেশনা দেন অভিযান ভট্টাচার্য, যিনি পুরো প্রযোজনাটিকে বিজ্ঞানচিন্তা, পরিবেশ রক্ষা এবং সবুজ প্রযুক্তির প্রয়োগের সঙ্গে যুক্ত করে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

বিশেষভাবে প্রশংসিত হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্র শ্রেয়াস পান্ডা, সে জেলা ও রাজ্য স্তরের পর এবারও টানা তৃতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতেছে। ছোট হলেও তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে।

এই সাফল্যের মাধ্যমে এ জি পি এন কনভেন্ট স্কুল পরপর দ্বিতীয়বার জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পেল। আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৬, স্কুলের নাট্যদল জাতীয় মঞ্চে রাজ্য ও জেলা— উভয়ের প্রতিনিধিত্ব করবে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “এই সাফল্য শুধু স্কুলের নয়, পুরো পুরুলিয়ার গর্ব। আমাদের লক্ষ্য, বিজ্ঞান ও পরিবেশের বার্তা অভিনয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে দেওয়া।”

Post Comment