সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পুরুলিয়া শহরের যানজট ও পথদুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থার দিকে এক ধাপ এগিয়ে গেলো জেলা পুলিশ। মঙ্গলবার রাঘবপুর মোড়ে অটোমেটিক ট্রাফিক সিগনাল চালু করে এই উদ্যোগের সূচনা করলেন পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।
এই উপলক্ষে পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, “আধুনিক ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনালের মাধ্যমে শহরের যান চলাচল আরও শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ করা সম্ভব হবে। পর্যায়ক্রমে পুরুলিয়া শহরের মোট চারটি গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের অটোমেটিক ট্রাফিক সিগনাল বসানো হবে। “
তিনি আরও বলেন, “ট্রাফিক ব্যবস্থা কেবল পুলিশের একার দায়িত্ব নয়—এতে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পথ চলার সময় ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোই দুর্ঘটনা রোধের প্রধান উপায়।
এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর বার্তাও দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে নিরাপদ যাতায়াতের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরতে জেলা পুলিশের উদ্যোগে কয়েকজন পথচারীর হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
পুরুলিয়ায় স্মার্ট ট্রাফিক ব্যবস্থার এই উদ্যোগ শহরের যান চলাচলে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছে প্রশাসন ও সাধারণ মানুষ।











Post Comment