সুইটি চন্দ্র, পুরুলিয়া :
রবিবার ছুটির দিন যেন ঝড় উঠলো বিধানসভা নির্বাচনের প্রচারে। জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীরা পুজো দিয়ে জনসংযোগে নামলেন, কর্মীসভা ও মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করল দলগুলি।
বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো দিন শুরু করেন আমচিড়া কালীমন্দিরে পুজো দিয়ে। এরপর মন্দির প্রাঙ্গণেই অনুষ্ঠিত কর্মীসভায় তিনি দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। এদিন বিজেপি নেতার দলবল নিয়ে তৃণমূলে যোগদান, তৃণমূল কর্মীদের বাড়তি উৎসাহ জোগায়। পরে গ্রামে গ্রামে প্রচারে বের হন বর্ষীয়ান শান্তিরাম।
হাই ভোল্টেজ কেন্দ্র জয়পুরে বিজেপি প্রার্থী তথা আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতোকে নিয়ে দেউলঘাটায় দুর্গামন্দির ও শিবমন্দিরে পুজো দিতে যান বিজেপি নেতৃত্ব। পরে জয়পুর বাজারে প্রার্থীকে নিয়ে মিছিল হয়।
এদিকে পুরুলিয়া শহরের শ্যাম ধর্মশালায় এসইউসিআই দলের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য অমিতাভ চ্যাটার্জী, রাজ্য নেতৃত্ব পঞ্চানন প্রধান এবং জেলা নেতৃত্ব। সভা শেষে পুরুলিয়া, জয়পুর, বাঘমুন্ডি, বলরামপুর ও মানবাজার—এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে শহরে একটি মিছিল সংগঠিত হয়।
অন্যদিকে, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজারী বাউরিও নিতুড়িয়া হাটতলা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বিশাল কর্মী-সমর্থকদের মিছিল তাঁর প্রচারকে ঘিরে জনসমাগমের ছবি তুলে ধরে।









Post Comment