নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
বেআইনি মদ বিক্রির অভিযোগে এক মহিলাকে আটক করেও পরে ছেড়ে দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পুরুলিয়ার ঝালদা এলাকার ইচাগ গ্রাম। শুক্রবার সকালে ঝালদা-বাগমুন্ডি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
আন্দোলনকারীদের অভিযোগ , “দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনি মদের ব্যবসা চললেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গতকাল পুলিশ এক অভিযুক্ত মহিলাকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যতদিন না এই ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।”
প্রায় দু’ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি মদের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাত জানান,“এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বেআইনি মদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়া মানে এই ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া। সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা বাধ্য হয়ে রাস্তায় নামছেন এটা সরকারের ব্যর্থতা।”











Post Comment