নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সাঁওতালি ভাষায় শিক্ষার প্রসার ও স্বেচ্ছাসেবক শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল পুরুলিয়া জেলা শাসক কার্যালয় চত্বর। পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের উদ্যোগে সাঁওতালি মাধ্যমের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবক—সব মিলিয়ে কয়েকশো মানুষ রাঁচি রোডে জড়ো হয়ে দীর্ঘ মিছিল শেষে জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের অন্যান্য জেলায় যেখানে স্বেচ্ছাসেবক সাঁওতালি শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে পুরুলিয়া সবসময়ই বঞ্চিত। এর ফলে জেলার বহু সাঁওতালি মাধ্যম স্কুলে তীব্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। আন্দোলনকারীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে সাঁওতালি ভাষার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হবে। তাদের মূল দাবি, পুরুলিয়ার সব সাঁওতালি মাধ্যম স্বেচ্ছাসেবক শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। জেলার ছ’টি সাঁওতালি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণে নিতে হবে দ্রুত উদ্যোগ।
নিউ সেটআপ সাঁওতালি জুনিয়র হাই স্কুলের অনুমোদন প্রদান করতে হবে সত্বর। সাঁওতালি শিক্ষার মানোন্নয়নে স্থায়ী শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এদিন সন্ধ্যার পরও ধর্না চলছেই।
আন্দোলনকারী রতনলাল হাঁসদা বলেন, “বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছি, তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি।”
সংগঠন জানিয়ে দিয়েছে, দাবিগুলি দ্রুত না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।











Post Comment