নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
স্পঞ্জ আয়রন কারখানার দূষণ-এ জেরবার খনি অঞ্চল নিতুড়িয়া। সেই বাম আমল থেকেই এই সমস্যা চলছে। বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন ফল হয়নি। এমনকি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে চিঠি পাঠিয়েও সমস্যা মেটেনি। নিতুড়িয়া আছে সেই নিতুড়িয়াতেই।
গত সোমবার এই খনি এলাকার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানাকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েন পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার স্থানীয় মানুষজন।
কারখানা থেকে লাগাতার ভয়াবহ দূষণ ছড়ানোর অভিযোগ তুলে দীঘা, নবগ্রাম, হেডডি, মনপুরা সহ একাধিক গ্রামের বাসিন্দারা রাস্তায় নামেন। কারখানার গেটের সামনে জড়ো হয়ে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, দিনের পর দিন কালো ধোঁওয়া, ধুলো ও দূষিত বর্জ্যের জেরে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সঙ্গে বাড়ছে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানান স্বাস্থ্য সমস্যা। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের। বিক্ষোভকারীদের বক্তব্য, একাধিকবার অভিযোগ জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হতে হয়েছে।
গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি
দ্রুত দূষণ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা না নিলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। প্রয়োজনে দীর্ঘমেয়াদি আন্দোলনে যাওয়ারও সিদ্ধান্ত নিতে পারেন এলাকার মানুষ।









Post Comment