নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
রাজ্যের ‘যুব সাথী’ প্রকল্পকে ঘিরে রাজনৈতিক তরজা নতুন করে সামনে এল পুরুলিয়ার বরাবাজারে। বুধবার স্বনির্ভর বাংলা ক্যাম্পে আবেদন জমা দিতে দেখা যায় বান্দোয়ান বিজেপি ২ নম্বর মণ্ডলের সহ-সভানেত্রী মল্লিকা ভূঁইয়াকে। ঘটনাটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মল্লিকা ভূঁইয়া। অল্প ব্যবধানে পরাজিত হওয়া এই নেত্রীর শিক্ষাগত যোগ্যতা সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতকোত্তর। তাঁর দাবি, সরকারি প্রকল্প হওয়ায় একজন বেকার হিসেবে আবেদন করা স্বাভাবিক। তবে শুধু ভাতা নয়, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই বেশি জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কটাক্ষও শুরু হয়েছে। বরাবাজার ব্লক তৃণমূলের সহ-সভাপতি উত্তম মিশ্র বলেন, বিজেপি নেতারা প্রকাশ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করলেও বাস্তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধাই নিচ্ছেন তাদের দলের নেতানেত্রীরা।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বনির্ভর বাংলা ক্যাম্পে রাজ্যজুড়ে মোট উপস্থিতির সংখ্যা ৪২ লক্ষ ৫২ হাজার ৪৩৭। জেলাভিত্তিক উপস্থিতির নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জেলা।











Post Comment