insta logo
Loading ...
×

পরিবর্তন যাত্রায় যাওয়ার পথে বিজেপি বিধায়ককে আটকাল পুলিশ, আক্রমণ মামলায় গ্রেফতার ৮

পরিবর্তন যাত্রায় যাওয়ার পথে বিজেপি বিধায়ককে আটকাল পুলিশ, আক্রমণ মামলায় গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে শনিবার ফের উত্তেজনা ছড়াল পুরুলিয়ার বলরামপুরে। অভিযোগ, পরিবর্তন যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো ও দলীয় নেতা–কর্মীদের পথ আটকে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বলরামপুরের দলদলি মোড় এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হন বিধায়কসহ বহু বিজেপি কর্মী সমর্থক।
শনিবার ঝালদা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বলরামপুরে পৌঁছানোর কথা। সেই কর্মসূচিতে যোগ দিতেই সকালে রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা। কিন্তু পথেই পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ। এর প্রতিবাদেই দলদলি মোড়ে বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা।
বিজেপির তরফে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে। তাঁদের দাবি, প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে।

এ বিষয়ে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে আমাদের দলের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দেয়। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। প্রশাসন শাসক দলের নির্দেশেই কাজ করছে বলে মনে হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “পরিবর্তন যাত্রা মানুষের সমর্থন পাচ্ছে বলেই আমাদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইভাবে আন্দোলন থামানো যাবে না।”

প্রসঙ্গত, শুক্রবার বলরামপুরের রসুলডি এলাকায় পরিবর্তন যাত্রার প্রস্তুতির সময় বিজেপির পতাকা টাঙাতে গেলে দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পর বলরামপুর থানায় ২৩ জনের নামে এবং দেড় থেকে দু’শো অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শুক্রবার রাতেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবর্তন যাত্রাকে ঘিরে বলরামপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Comment