নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
গুজব আর বিভ্রান্তির সময়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং গ্রামবাসীদের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও মজবুত করতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। রবিবার বান্দোয়ানের ভালোপাহাড় মাঠে অনুষ্ঠিত হল ‘সম্প্রীতি কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ভ্রান্ত খবর ও গুজবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও উস্কানিমূলক বার্তা যাতে গ্রামাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না করে, সে বিষয়েই মানুষকে সতর্ক করার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে।
টুর্নামেন্টে অংশ নেয় মোট চারটি দল। এর মধ্যে ছিল কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্স ও বান্দোয়ান থানার পুলিশের যৌথ একটি দল। পাশাপাশি কুচিয়া, সালিডি ও ধাদকা গ্রামের তিনটি দল অংশগ্রহণ করে।
সকাল থেকেই ভালোপাহাড় মাঠে ছিল উৎসবের আমেজ গ্রামের প্রবীণ থেকে কিশোর, নারী-পুরুষ সকলেই উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান।
খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। চার দলের লড়াই শেষে ফাইনালে পৌঁছায় কুচিয়া গ্রামের দল ও পুলিশের যৌথ দল। শেষ পর্যন্ত কুচিয়া দলকে পরাজিত করে ট্রফি জিতে নেয় পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বতী শ্বেতা সামন্ত। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন । উপস্থিত ছিলেন বান্দোয়ান থানার ওসি মমতাজ শেখ সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং স্থানীয় সমাজসেবীরাও।











Post Comment