নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
নির্বাচনী প্রচারে চেনা গৎ ভেঙে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন জলধর মাহাতো। রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারের পাশাপাশি হঠাৎই ঢুকে পড়লেন একটি সাইকেল মেরামতির দোকানে। সেখানে এক বৃদ্ধের সাইকেলে নিজে হাতে পাম্প করে দেন তিনি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার বলরামপুর বিধানসভা এলাকার সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী জলধর মাহাতো বলেন, “জনসংযোগ করছিলাম, দেখলাম সাইকেল দোকানে এক বয়স্ক কাকা এসেছেন। দোকানের রিপিয়ারিং কাজ যে করে, সে তখন ব্যস্ত ছিল। ওনাকে দেখে ভালো লাগলো, তাই নিজেই সাইকেলে পাম্প করে দিলাম। নলকূপে কেউ জল খেতে চাইলে সেখানেও সাহায্য করি। যেখানে যেমন দরকার, চেষ্টা করি সাহায্য করতে। বড় মিছিল করে ভোট হয় না, গ্রামের মানুষের বাড়িতে যেতে হয়। তাই আমি ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা জানার চেষ্টা করছি।”
যদিও এই প্রচার কৌশলকে ‘গিমিক’ বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। তবে মানুষের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার এই পদ্ধতিতেই আস্থা রাখছেন বিজেপি প্রার্থী।










Post Comment