নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
নির্বাচনকে সামনে রেখে বলরামপুর-এর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তেঁতলো অঞ্চলে বিজেপি থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু দাসসহ শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেস-এ যোগদান করেছেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, ব্লক নেতৃত্ব এবং তেঁতলো অঞ্চল সভাপতি রবি দত্তসহ অন্যান্যরা। শান্তিরাম মাহাতোর হাত ধরেই এই দলবদল সম্পন্ন হয়।
নবাগতদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের জোয়ারে সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পাশাপাশি বিজেপিতে যথাযথ মর্যাদা না পাওয়াও দলত্যাগের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন তারা। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান শাসক দলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
অন্যদিকে, এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী জলধর মাহাতো। তিনি দাবি করেন, এই ধরনের যোগদান দলের উপর বড় কোনও প্রভাব ফেলবে না। তার বক্তব্য, “আমাদের সংগঠনে মর্যাদার কোনও অভাব নেই। কারও ব্যক্তিগত সিদ্ধান্তে দলের শক্তি কমবে না।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ব্যবধানের কথা স্মরণ করিয়ে তিনি আরও বলেন, “তৃণমূল যতই দাবি করুক, মানুষের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে। এবারের ভোটে ব্যবধান কমার বদলে আরও বাড়বে।”
নির্বাচনের আগে এই পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ এবং দলবদল বলরামপুরের রাজনৈতিক লড়াইকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে।









Post Comment