insta logo
Loading ...
×

নাকা তল্লাশিতে বলরামপুরে ১১ লক্ষাধিক নগদ উদ্ধার

নাকা তল্লাশিতে বলরামপুরে ১১ লক্ষাধিক নগদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নির্বাচনী বিধিনিষেধের কড়াকড়ি বাড়তেই আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি জোরদার হয়েছে প্রশাসনের। সেই নজরদারির জালেই ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ অর্থ। পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত দাঁতিয়া এলাকায় ১৮ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম উদ্ধার করেছে ১১ লক্ষেরও বেশি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই অর্থের উৎস ও ব্যবহার নিয়ে।
মঙ্গলবার ভোরে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করা একাধিক গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। মোট পাঁচটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় ১১ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। গাড়ির চালকদের কাছে এই বিপুল নগদের কোনও বৈধ নথি না থাকায় সঙ্গে সঙ্গেই অর্থ বাজেয়াপ্ত করে প্রশাসন।

জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি নগদ কেউ সঙ্গে রাখলে তার বৈধ প্রমাণপত্র রাখা বাধ্যতামূলক। এই নিয়ম ভঙ্গের অভিযোগেই বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া অর্থ। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে পরবর্তীতে বৈধ কাগজপত্র দেখিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন। স্ক্রিনিং কমিটি বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে টাকা ফেরত দেওয়া হবে, নাকি তা সরকারি কোষাগারে জমা পড়বে। উল্লেখ্য, সোমবার গভীর রাত থেকেই ওই জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু হয়েছিল। প্রতিটি গাড়ি থামিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছিল, যার ফলেই এই বড়সড় উদ্ধার।

Post Comment