নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
বাড়িতে কেউ না থাকার সুযোগে একাধিক বাড়িতে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা থানার অন্তর্গত পুরানো ঝালদা গ্রামে। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে কয়েকটি বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তছনছ করা হয় ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী। কিছু জায়গায় চুরির পাশাপাশি আগুন লাগানোর চেষ্টার অভিযোগও উঠেছে, যা নিয়ে আরও উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
ঘটনার শিকার স্থানীয় বাসিন্দা রাজেশ রাজুয়া বলেন, “আমার ভাই অশোক রাজুয়া ভিনরাজ্যে কাজ করেন। সেদিন রাতে আমিও বাড়িতে ছিলাম না, ক্লাবে ছিলাম। সকালে ফিরে দেখি বাড়ির দুটো ঘরের তালা ভাঙা, ভিতরে সব জিনিসপত্র এলোমেলো। গহনার খালি কৌটা পড়ে ছিল। এমনকি আগুন লাগানোর চেষ্টাও হয়েছে বলে মনে হচ্ছে।”
এদিকে গ্রামের আরেক বাসিন্দা গোবর্ধন রজক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এভাবে একের পর এক বাড়িতে চুরি হচ্ছে, আমরা কেউই নিরাপদ নই। দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে এবং এলাকায় পুলিশি টহল বাড়াতে হবে।”
গ্রাম পঞ্চায়েত সদস্যা চাঁদনী রজকও উদ্বেগ প্রকাশ করে বলেন, “একাধিক বাড়িতে চুরির ঘটনায় গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তদন্ত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, পাশাপাশি গ্রামের নিরাপত্তা জোরদার করা হোক।”
পুলিশ সূত্রে খবর, ঘটনাগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।










Post Comment