নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
১ কোটির রাস্তা পাচ্ছে প্রত্যন্ত গ্রাম। গ্রামীণ রাস্তা উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ‘পথশ্রী–রাস্তাশ্রী-৪’ প্রকল্পে ফের নতুন সংযোজন। রবিবার পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের বারমেস্যা–রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দেড় কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের সূচনা হল। স্থানীয় গরাম থান হয়ে আসনবনি নাপিত পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। রবিবার এই রাস্তার কাজের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু।
এলাকার জনজাতি সংস্কৃতি মেনে মন্ত্রীকে পা ধুইয়ে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। পরে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত মানুষজনকে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে সংবর্ধনাও জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৮ লক্ষ ৩৩ হাজার ৯৮১ টাকা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই যোগাযোগ ব্যবস্থার সমস্যায় ভুগছিলেন গ্রামবাসীরা। নতুন রাস্তা তৈরি হলে যাতায়াতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বাজার ব্যবস্থায় সুবিধা মিলবে।
স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত কাজ শেষ হলে এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।











Post Comment