নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতাকেই সামনে রেখে পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন পালন করল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে জেলার বিভিন্ন প্রান্তে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্যোগে এই জন্মদিন পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এরপর কেক কেটে একে অপরকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়। তবে উদযাপনের পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এলাকার দুঃস্থ ও দরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মানুষের জন্য কাজ করে চলেছেন, তাই তাঁর জন্মদিনেও মানুষের সেবাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সন্তোষী দত্ত বাউরি সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
পূর্ণচন্দ্র বাউরি রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন,
“মমতা বন্দ্যোপাধ্যায় মানেই মানুষের পাশে দাঁড়ানো। তাঁর জন্মদিন আমরা শুধুই কেক কেটে পালন করি না, মানুষের সেবা করেই পালন করি। আজ দুঃস্থ মানুষদের বস্ত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত।”
আইএনটিটিইউসি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আড়শায় জন্মদিন পালন করা হয়। শীতের দিনে সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার দুঃস্থ ও বয়স্ক মানুষদের হাতে কম্বল তুলে দেন।
অন্য দিকে, পুরুলিয়া রাঘবপুরের কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়েও জন্মদিন পালন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাতো, জেলা পরিষদের কো-ম্যান্টর সহদেব মাহাতো-সহ জেলা নেতৃত্ব।
বলরামপুর ব্লক সদর এলাকায় তৃণমূলের মাইনরিটি সেলের উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সুমিত পাণ্ডা এবং ব্লক মাইনরিটি সেলের সভাপতি রফিক আনসারি।
দলীয় সূত্রের খবর, এ দিন জয়পুর, পুরুলিয়া সদর, ঝালদা, বাঘমুন্ডি, মানবাজার সহ জেলার বিভিন্ন প্রান্তে নেত্রীর জন্মদিন উপলক্ষে জনসংযোগ কর্মসূচিও চলে। মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সর্বত্রই দেখা যায় কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা।











Post Comment