insta logo
Loading ...
×

উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি গ্রামে , নেতানেত্রীদের ঢুকতে দেবে না বান্দোয়ানের গ্রাম

উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি গ্রামে , নেতানেত্রীদের ঢুকতে দেবে না বান্দোয়ানের গ্রাম

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও গ্রামে রাস্তা, পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ হয়নি । দাবি গুলোকে সামনে রেখে কয়েক দিন আগেই পোস্টার দিয়ে গ্রামে ভোট বয়কটের ঘোষণা করেছিলেন গ্রামবাসীরা। তারপরেও কেউ তাদের খোঁজ নেয়নি। তাই, এবার গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে গ্রামে প্রচার, জনসংযোগ করতে দেবেন না। বুধবার দেওয়ালে পোষ্টার দিয়ে তা জানিয়ে দিল বান্দোয়ান থানার কায়রা পূর্ব সাঁওতাল পাড়ায় মানুষজন। স্বাধীনতার এতদিন পরেও সাঁওতাল পাড়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি কেন , ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর তরজা ‌

জানা গিয়েছে, বান্দোয়ান থানার কায়রা পূর্ব সাঁওতাল পাড়ায় প্রায় ৫০ টির বেশি পরিবারের বসবাস।আজও গ্রামে যাওয়ার একমাত্র দু’ কিমি পথ পাকা হয়নি। যার ফলে বর্ষার সময় চরম সমস্যায় পড়তে হয় তাদের। এছাড়াও ওই গ্রাম থেকে চিরুডি হাসপাতাল যাওয়ার রাস্তাটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকায় খোলা আকাশের নিচে শিশুদের পঠনপাঠন থেকে খাবার রান্না হয়। সেখানেও সহকারী কর্মী নেই। এছাড়াও ওই এলাকায় আশা কর্মী নিয়োগ ও গ্রামের জাহের থানে পানীয় জলের ব্যবস্থা ও ঘেরা দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু কিছুই হয়নি। তাই গ্রামবাসীরা গ্রামে সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দাবি গুলো পূরণ না হলে তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক থেকে বিরোধী কাউকেই গ্রামে ভোট প্রচার , জনসংযোগ করতে দেবেন না।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বিষয়টি নজরে আসার পর সরজমিনে খতিয়ে দেখা হয়েছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় পদক্ষেপ নেওয়া যায়নি।

Post Comment