দেবীলাল মাহাতো, মানবাজার:
বিতর্ক ছিলো। প্রার্থী বদলও চেয়েছিল মানবাজার ব্লক তৃণমূলের একাংশ। কিন্তু মানবাজারে সেই সন্ধ্যারানির ওপরই ভরসা তৃণমূল হাইকমান্ডের।
বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মঙ্গলবার জেলার ৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। দলের একাংশের ক্ষোভ থাকলেও মানবাজার বিধানসভা কেন্দ্রে সন্ধ্যারানি টুডুকেই আবার প্রার্থী করেছে তৃণমূল। মঙ্গলবার দল তাকে চতুর্থ বারের জন্য প্রার্থী ঘোষণা করতেই ঢাক শঙ্খ ধ্বনিতে আবির মেখে মিষ্টিমুখ করে যেতে ওঠেন অনুগামীরা। বিভিন্ন জায়গায় রং তুলি দিয়ে শুরু করেন দেওয়াল লিখন।
বিতর্ক যাই থাক, পরিসংখ্যান কিন্তু সন্ধ্যারানির পক্ষেই কথা বলছে। ২০১১ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়ে প্রায় ৫ হাজার ভোটে জেতেন সন্ধ্যারানি। ২০১৬ সালের নির্বাচনে বিজিত প্রার্থীর থেকে প্রায় ১০ হাজার ভোট বেশি পেয়ে জেতেন সন্ধ্যা। ২০২১ সালের অ্যাসিড টেস্টে যখন জেলার ৯ বিধানসভার ৬টিতেই জিততে পারল না তৃণমূল, তখন মানবাজারে অপ্রতিহত সন্ধ্যারানির বিজয়রথ। সেবার মার্জিন ছিল প্রায় সাড়ে ১৫ হাজার।
এদিন সন্ধ্যারানি টুডু বলেন, নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। চতুর্থ বারের জন্য আবার আমাকে প্রার্থী করেছেন। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই। যারা আমাকে ভুল বুঝে বারবার বিরোধিতা করেছে, তাদেরকেও পাশে চাই।”










Post Comment