insta logo
Loading ...
×

নয় বছরের পলাতক অভিযুক্ত ধরা পড়ল ধানবাদে, ঝালদা পুলিশের অভিযানে গ্রেপ্তার ওয়ান্টেড

নয় বছরের পলাতক অভিযুক্ত ধরা পড়ল ধানবাদে, ঝালদা পুলিশের অভিযানে গ্রেপ্তার ওয়ান্টেড

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

হিন্দি সিনেমার বহুল প্রচলিত ডায়লগ, কানুনকে হাথ লম্বে হোতে হ্যায়। কত লম্বা? ঝালদা থেকে ধানবাদ পর্যন্ত।
প্রায় নয় বছর ধরে গা ঢাকা দিয়ে থাকা এক মোস্ট ওয়ান্টেড অভিযুক্তকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করল ঝালদা থানার পুলিশ। কী অভিযোগ নেই ধৃতের বিরুদ্ধে? চুরি, ডাকাতি, খুন ও আগ্নেয়াস্ত্র রাখা সহ একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ঝালদা থানায় দীর্ঘদিন ধরে রেড ইঙ্ক নন-বেলেবল ওয়ারেন্ট পড়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রেড ইংক নন বেলেবল ওয়ারেন্ট গুরুতর মামলায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আদালতের এমন এক কঠোর গ্রেপ্তারি পরোয়ানা যার মাধ্যমে পুলিশ অভিযুক্তকে দেখামাত্র গ্রেফতার করতে পারে।

কিন্তু দেখা পাওয়াই ছিল দায়। কর্পূরের মতো উবে গিয়েছিল অভিযুক্ত ঝালদার হুসেনডির বাসিন্দা শেখ কালু। হাল ছেড়ে দেয়নি পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মধ্যরাতে ঝালদা থানার একটি বিশেষ দল ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মধুবন থানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কালুকে।

তদন্তকারী আধিকারিকদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে গত নয় বছর ধরে মোট ৯টি মারাত্মক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ২০০৭ সালে সহযোগীদের নিয়ে ডাকাতির চেষ্টা চলাকালীন খুনের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে ধানবাদ জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল সে।

বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলেও সূত্রের দাবি।

Post Comment