সাধারণ খবর ব্লক

দলছুট হাতির হানায় জখম মহিলা, আতঙ্ক মানবাজারে

হাতির আক্রমণে গুরুতর আহত হলেন মানবাজার-১ নম্বর ব্লকের বনশোল গ্রামের বাসিন্দা কল্পনা বাউরী (৩৫)। মঙ্গলবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
দলছুট হাতির হানায় জখম মহিলা, আতঙ্ক মানবাজারে

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

সকালে আর পাঁচটা দিনের মতোই মাঠের কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই সামনে চলে আসে একটি দলছুট বুনো হাতি। মুহূর্তের মধ্যে হাতির আক্রমণে গুরুতর আহত হলেন মানবাজার-১ নম্বর ব্লকের বনশোল গ্রামের বাসিন্দা কল্পনা বাউরী (৩৫)। মঙ্গলবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে জমিতে চাষের কাজ করার সময় হঠাৎই একটি মাঝারি বয়সের দলছুট হাতি কল্পনা দেবীর ওপর হামলা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে জখম মহিলার স্বামী দীপক বাউরী আকুল কণ্ঠে জানান, "প্রতিদিনের মতোই সকালে মাঠে কাজ করতে গিয়েছিল ও। আচমকা জঙ্গল থেকে হাতিটা বেরিয়ে এসে হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই যা হওয়ার হয়ে গেল। এখন হাসপাতালে ভর্তি, খুব উদ্বেগে আছি। বন দফতর যেন দ্রুত হাতিটিকে লোকালয় থেকে সরানোর ব্যবস্থা করে এবং চিকিৎসার সাহায্যটুকু দেয়।"

খবর পেয়েই মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জখম মহিলাকে দেখতে যান মানবাজার-১ রেঞ্জের বন আধিকারিক। তিনি আহত কল্পনা বাউরীর পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার যাবতীয় সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বন দফতর সূত্রে খবর, মাঝারি বয়সের ওই দলছুট হাতিটি সোমবার রাতে বাঁকুড়ার রানিবাঁধ হয়ে মানবাজার-১ রেঞ্জের জঙ্গলে ঢোকে। বনকাটা, মানপুর, দোলদেড়িয়া এলাকাতেও তার পায়ের ছাপ মিলেছে। মঙ্গলবার সকালে হাতিটির অবস্থান জানা যায় মানবাজার-২ রেঞ্জের কুমারি বিটের সৃজন ডুংরি এলাকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বোরো থানার পুলিশ ও বনকর্মীদের পাশাপাশি র‌্যাপিড যে রেসপন্স টিম এর সদস্যদের নামানো হয়েছে।

হাতি দেখতে সৃজন ডুংরি এলাকায় উপচে পড়া ভিড় সামলাতে প্রশাসন মাইকিং শুরু করেছিল। মাইকে বাসিন্দাদের জঙ্গলের দিকে না যাওয়ার এবং হাতিটিকে বিরক্ত না করার নির্দেশ দেওয়া হয়।