রাজনীতি শহর ভোটের খবর

"তৃণমূলের রাজনৈতিক রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল হওয়া উচিত", এমন কেন বললেন সাংসদ?

প্রথম দফার ১৫২টি আসনের ভোটগ্রহণ শেষে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হুঙ্কার, প্রথম দফাতেই অন্তত ১২৫টি আসনে নিশ্চিত জয়লাভ করতে চলেছে তাঁর দল।

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

"বাম ও তৃণমূল আমলের সেই চেনা রাজনৈতিক সন্ত্রাস এবং মৃত্যুমিছিল আজ অতীত। বুথে বুথে এখন কেবলই পরিবর্তনের হাওয়া। নির্বাচন কমিশনের কড়া পাহারায় জঙ্গলমহল সহ গোটা পুরুলিয়ায় এবার সম্পন্ন হলো এক নজিরবিহীন ও শান্তিপূর্ণ নির্বাচন। " আর এই অবাধ ভোটাধিকার প্রয়োগের পরই রীতিমতো উচ্ছ্বসিত গেরুয়া শিবির। উচ্ছ্বসিত পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রথম দফার ১৫২টি আসনের ভোটগ্রহণ শেষে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হুঙ্কার, প্রথম দফাতেই অন্তত ১২৫টি আসনে নিশ্চিত জয়লাভ করতে চলেছে তাঁর দল।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সাংসদ স্পষ্ট জানান, তৃণমূলের ভয় দেখানো বা চমকানি আর কাজে আসছে না, 'ভুতুড়ে ভোট' বা ছাপ্পা ভোট এখন পুরোপুরি বন্ধ। স্বাধীন ভারতের ইতিহাসে এমন সন্ত্রাসমুক্ত ভোট সত্যিই বিরল। অতীতের ভোট-সন্ত্রাসকে তিনি 'লালু প্রসাদ যাদবের বিহার'-এর জঙ্গলরাজের সঙ্গে তুলনা করেছেন। এবার সেই ভয়ের বাতাবরণ কাটিয়ে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বুথমুখী হয়েছেন, তাতেই শাসকদলের শীর্ষ নেতৃত্বের চরম হতাশা দেখছে বিজেপি। পরিবর্তনের তাগিদে বৃদ্ধরাও যেমন লাঠিতে ভর দিয়ে এসেছেন, তেমনই ভিনরাজ্য থেকে ছুটি নিয়ে ছুটে এসেছেন পরিযায়ী শ্রমিকরাও।

এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধান কারিগর হিসেবে এদিন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর প্রচুর প্রশংসা করেন সাংসদ। পাশাপাশি, দেশের জওয়ানদের শাসকদল তৃণমূল যেভাবে 'বহিরাগত' তকমা দিয়েছে, তার তীব্র নিন্দা করেন তিনি। এটাকে দেশের পক্ষে লজ্জাজনক আখ্যা দিয়ে বিজেপি নেতার তীব্র আক্রমণ, "যে দল দেশের সুরক্ষাবাহিনীকে বহিরাগত বলে, তাদের রাজনৈতিক রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল হওয়া উচিত"।

আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ। প্রথম দফার মতো সেখানেও এমন উৎসবের মেজাজে শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা করছে গেরুয়া শিবির। দলীয় নেতৃত্বের স্পষ্ট বার্তা, মোদিজির হাত ধরে সিপিএম ও তৃণমূলের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যে 'সোনার বাংলা' গড়ার সংকল্প বিজেপি নিয়েছে, ইভিএমের বোতামে আজ তারই সিলমোহর দিচ্ছে বাংলার মানুষ।