নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় প্রবেশ করেছে। তবে বর্ষার আনুষ্ঠানিক আগমনের দিনেও স্বস্তি মিলল না পুরুলিয়াবাসীর। ১২ জুন জেলায় বৃষ্টিপাত হয়নি। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা পৌঁছেছে ৮৫ শতাংশে।
আর্দ্রতার মাত্রা অত্যন্ত বেশি থাকায় সকাল থেকেই গুমোট গরমে নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে থাকলেও অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে।
এদিকে, মৌসম ভবনের বুলেটিনে জানানো হয়েছে, শনিবার পুরুলিয়া-সহ বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, ১২ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সমগ্র অংশ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা, পশ্চিমবঙ্গের অধিকাংশ অংশ, বিহারের বিস্তীর্ণ অঞ্চল এবং ওডিশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে পৌঁছে গিয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্ষা প্রবেশ করলেও প্রথম কয়েক দিন এমন গরম ও উচ্চ আর্দ্রতার পরিস্থিতি স্বাভাবিক। তবে আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়লে পুরুলিয়ায় গরমের অস্বস্তি অনেকটাই কমতে পারে। এখন জেলাবাসীর অপেক্ষা, কবে নামবে সেই প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি।