নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ভোটের শুরুতেই ইভিএম মেশিন খারাপ। তাই নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু না হওয়ায় উত্তেজনা ছড়াল বাঘমুন্ডি বিধানসভার ঝালদা হাইস্কুলের ৪৭ নম্বর বুথে । পরে এক ঘণ্টা পর শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়।
এদিন নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু না হওয়ায় ক্ষোভের মুখে পড়তে হয় ভোট কর্মীদের। সকাল থেকেই বহু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও দীর্ঘক্ষণ ভোটগ্রহণ শুরু না হওয়ায় উত্তেজনা ছড়ায় বুথ চত্বরে। ভোটারদের অভিযোগ, সময়মতো বুথে পৌঁছেও তাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ভোট কর্মীদেরও হিমশিম খেতে হয়। ওই বুথের প্রিসাইডিং অফিসার মহেশ্বরী মাহাতো বলেন, "ইভিএম সংক্রান্ত টেকনিক্যাল সমস্যার কারণেই ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধান করে বর্তমানে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে । প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।"