নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
শিক্ষক দিবসের পুণ্য তিথিতে রক্তদানের মতো মহৎ সামাজিক কাজের মধ্য দিয়ে স্মরণ করা হলো ঝালদার বিশিষ্ট শিক্ষক ও ঝালদা সেবার প্রাক্তন সদস্য প্রয়াত অমরনাথ চট্টোপাধ্যায়কে। শনিবার ঝালদা সেবার সামাজিক পদক্ষেপে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন রুক্মিণী দেবী পিপুরিয়া সেবা মেডিক্যাল সেন্টারে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলা এই শিবিরে তরুণ ও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
তবে কেবল রক্তদানেই সীমাবদ্ধ থাকেনি এদিনের কর্মসূচি। রক্তদান শিবিরের মঞ্চকে কেন্দ্র করে উঠে এল ঝালদা অঞ্চলের একাধিক নাগরিক ও সামাজিক সমস্যার কথা। শিবিরে উপস্থিত বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত এবং পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি ও সমাজসেবী শঙ্কর মাহাতের দৃষ্টি আকর্ষণ করে সংস্থা ও এলাকার একাধিক জরুরি দাবি পেশ করা হয়। জনপ্রতিনিধিরা গুরুত্ব সহকারে সমস্যাগুলি শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত বলেন, "শিক্ষক দিবসে এই ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান কেবল একটি সচেতনতামূলক কাজ নয়, এটি মানুষের প্রাণ বাঁচানোর অন্যতম বড় মাধ্যম। সেবা সংস্থাটি যেসব স্থানীয় সমস্যার কথা আমাদের সামনে এনেছে, সেগুলি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এলাকার সার্বিক উন্নয়ন ও রক্তদানের মতো মানবিক উদ্যোগে আমরা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সবরকম সহায়তা করব।”
পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো বলেন, প্রয়াত শিক্ষক অমরনাথ চ্যাটার্জীর স্মৃতিতে আয়োজিত এই রক্তদান শিবির সমাজকে এক নতুন বার্তা দিচ্ছে। রক্তদানের কোনো বিকল্প নেই, এটিই প্রকৃত মানবসেবা। আয়োজকরা আজ যেসব সমস্যার কথা তুলে ধরলেন, সেগুলির দ্রুত সমাধানের জন্য আমরা উদ্যোগী হব, যাতে এলাকার মানুষ ও এই সেবামূলক প্রতিষ্ঠান আরও সুচারুভাবে কাজ করতে পারে।”
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, জরুরি অবস্থায় রক্তের সংকট মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়িয়ে তোলাই ছিল এই কর্মসূচির প্রধান লক্ষ্য। “আপনার দেওয়া এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্য একটি জীবন” এই বার্তা নিয়েই এদিনের সফল আয়োজন।