নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
নিচু তলাতেও ভেঙে যাচ্ছে তৃণমূল। পুরুলিয়া থেকেই যেন তার শুরু! তৃণমূল কংগ্রেস ছেড়ে ২৫০ জন কর্মী-সমর্থক ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন। শুক্রবার বাঘমুন্ডির সুইসা ফরওয়ার্ড ব্লক অফিস প্রাঙ্গণে তাঁরা যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অসীম সিনহা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জয়সিং মাহাতো, পরিমল কুমার, সত্যেন কাপুর প্রমুখ নেতৃবৃন্দ। যোগদান করার আগে নেতাজী সুভাষ চন্দ্র বসু, জননেতা হেমন্ত বসু, অশোক ঘোষ, ও চিত্ত বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে ফরওয়ার্ড ব্লককে শক্তিশালী করার শপথ গ্রহণ করা হয় । ফরওয়ার্ড ব্লক সূত্রে জানা গিয়েছে, এদিন তুনতুড়ি সুইসা অঞ্চলের সুইসা, নোওয়াডি, রায়ডি বুথ থেকে ১৫০ টি পরিবারের প্রায় ২৫০ জন কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন।