রাজনীতি শহর

কালো কালিতে 'চোর পিসি', 'চোর ভাইপো', 'চোর টিএমসি', 'চোর অফিস' লেখা তৃণমূল পার্টি অফিসে, রঘুনাথপুরে চাঞ্চল্য

রঘুনাথপুরে তালাবন্ধ তৃণমূল অফিসের দেওয়ালে কালো কালিতে লেখা— 'চোর পিসি', 'চোর ভাইপো', 'চোর টিএমসি', 'চোর অফিস'। রবিবার সকালে এমনই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর শহরে।
কালো কালিতে  'চোর পিসি', 'চোর ভাইপো', 'চোর টিএমসি', 'চোর অফিস' লেখা তৃণমূল পার্টি অফিসে, রঘুনাথপুরে চাঞ্চল্য

 

নিজস্ব প্রতিনিধি,‌রঘুনাথপুর:

রঘুনাথপুরে তালাবন্ধ তৃণমূল অফিসের দেওয়ালে কালো কালিতে লেখা— 'চোর পিসি', 'চোর ভাইপো', 'চোর টিএমসি', 'চোর অফিস'। রবিবার সকালে এমনই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় যে তৃণমূল কংগ্রেসের শহর কার্যালয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে সরগরম থাকত, বর্তমানে সেটি তালাবন্ধ। এদিন সকালে পথচলতি মানুষের নজরে আসে, কার্যালয়ের চারপাশের দেওয়ালে কালো কালি দিয়ে লেখা হয়েছে কটূক্তি । খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাগাভাগির জেরেই এই ঘটনা ঘটতে পারে।

রঘুনাথপুর বিধানসভার বিজেপি কো কনভেনর কাজল কৃষ্ণ সাহা বলেন,
‘চোর’ শব্দটা তৃণমূলের জন্য নতুন কিছু নয়। ভোটে হারার পর নিজেদের মধ্যে হিসাব-নিকাশ বা টাকা ভাগের গরমিল হয়েছে। যে বা যারা ভাগের টাকা পায়নি, তারাই সম্ভবত ক্ষোভ থেকে নিজেদের দলের অফিসের দেওয়ালে এই কথা লিখেছে"।

এই ঘটনায় বিজেপির নাম জড়ানোর চেষ্টাকে সম্পূর্ণ খারিজ করে দিয়ে তিনি  আরও বলেন, "তৃণমূল যেভাবে হেরেছে এবং নিশ্চিহ্ন হয়েছে, তাতে বিজেপির নাম উচ্চারণ করার কোনো জায়গাই নেই।" তৃণমূলকে নিশানা করে তিনি আরও বলেন," তৃণমূল দলটাই তো নেই। দলটা আসলে কার, সেটাই এখন তৃণমূলের লোকেরা নিজেরা জানে না।"

যদিও এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।