ক্রাইম ব্লক

পুষ্পা সিনেমার বাস্তব রূপ? কোটি কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করে পুরুলিয়া জেলা পুলিশের বিরাট সাফল্য

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লরিটি ওড়িশা থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল। পুরুলিয়া- রাঁচি করিডর ধরে ঝাড়খণ্ডের ধানবাদে পাচার করার ছক কষা হয়েছিল। কিন্তু সেই ছক ভেস্তে দিয়ে আন্ত:রাজ্য মাদক কারবারে বিরাট সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ ।
পুষ্পা সিনেমার বাস্তব রূপ? কোটি কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করে পুরুলিয়া জেলা পুলিশের বিরাট সাফল্য

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুষ্পা সিনেমার স্টাইলে পুরুলিয়ায়  গাঁজা পাচারের চেষ্টা। পুরুলিয়া জেলা পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হল ৩২২ কেজি গাঁজা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকের সঙ্গে আটক করা হয়েছে একটি লরি ও দুটি ছোট চার চাকার গাড়ি। গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে। ধৃতদের মধ্যে পাঁচ জন বিহারের বাসিন্দা এবং দু'জন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। এই বিপুল পরিমাণ গাঁজার অবৈধ বাজার মূল্য দেড় কোটি থেকে প্রায় সাড়ে তিন কোটি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১৮ নম্বর জাতীয় সড়কে বেলকুঁড়িতে  নজরদারি শুরু করে  জেলা পুলিশের একটি দল। সেখানে উত্তরপ্রদেশ নম্বরের একটি খালি লরি এবং তার সঙ্গে থাকা দুটি ছোট চার চাকার গাড়িকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লরিটি ওড়িশা থেকে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল। পুরুলিয়া- রাঁচি করিডর ধরে ঝাড়খণ্ডের ধানবাদে পাচার করার ছক কষা হয়েছিল। কিন্তু সেই ছক ভেস্তে দিয়ে আন্ত:রাজ্য মাদক কারবারে বিরাট সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ ।

তল্লাশির সময় প্রথমে লরিতে বিশেষ কিছু চোখে পড়েনি। পরে চালকের কেবিনে তৈরি করা বিশেষ গোপন প্রকোষ্ঠে তল্লাশি চালিয়ে শতাধিক ছোট ছোট প্যাকেটে ভরা গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মাদক পাচারকারীরা অত্যন্ত কৌশলে ওই গোপন জায়গায় গাঁজার প্যাকেটগুলি লুকিয়ে রেখেছিল।

ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন), সদর  সিআই, পুরুলিয়া মফস্বল ও সদর থানার আইসি সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থলেই আনা হয় বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র। কয়েক ঘণ্টা ধরে একে একে উদ্ধার হওয়া প্যাকেটগুলির ওজন করা হয়। দেখা যায় ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।