নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
চাকরি পেয়েই বদলে গেল সম্পর্কের সমীকরণ! প্রাপ্তবয়স্ক হলেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, আর পরবর্তীতে শিক্ষকতার চাকরি পেয়েই প্রেমিকাকে অস্বীকার। এমন অভিযোগে মানবাজার থানার পুলিশ গ্রেপ্তার করল এক প্রাথমিক শিক্ষককে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত শিক্ষক সৌমেন মণ্ডলের বাড়ি মানবাজার থানার কেল্যারডি গ্রামে। বুধবার পুলিশের দ্বারস্থ হয়ে প্রেমিকের বিরুদ্ধে বছর তেইশের ওই তরুণী জানান, সেই ২০২০ সালে তার সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষক। শুরু হয় প্রেম। প্রাপ্তবয়স্ক হলেই করবে বিয়ে এমন প্রতিশ্রুতি দেন। প্রেম গড়ায় শরীরেও।
ওই যুবক প্রাথমিক শিক্ষকের চাকরি পান ২০২১ সালে। কিন্তু বয়স ১৮ হওয়ার পর বিয়ে কথা বলতেই তিনি বেঁকে বসেন বলে অভিযোগ। পকসো আইনে মামলা রুজু করে বুধবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে পুরুলিয়ার বিশেষ আদালতে তোলা হবে।