নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পদত্যাগ করলেন ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল। শনিবার ঝালদা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তিনি পুরপ্রধান পদ থেকে তাঁর ইস্তফাপত্র জমা দেন। পুরপ্রধানের পাশাপাশি ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, পদত্যাগপত্রে তিনি পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তবে স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই ইস্তফার পেছনে কেবল শারীরিক কারণই একমাত্র বিষয় নয়।
ঝালদা পুরসভায় মোট আসন ১২ টি। ২০২২ সালের পুর নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস পায় ৮ টি আসন।
দুটি করে আসন পায় কংগ্রেস ও নির্দল। দুই নির্দল কাউন্সিলর পরে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ৫ জন কাউন্সিলর ও কংগ্রেসের ২ কাউন্সিলরের সমর্থনে পুরপ্রধান হন সুরেশ আগরওয়াল। তৃণমূলের ৫ জন কাউন্সিলর সুরেশ বিরোধী বলে পরিচিত। মারা গিয়েছেন কংগ্রেসের কাউন্সিলর পূর্ণিমা কান্দু । রাজ্যে পালাবদলের পর পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে থাকে। বিজেপি ক্ষমতায় আসার পর তিনি নাকি পুরসভায় যাওয়া বন্ধ করে দিয়েছিলেন।
গত কয়েকদিন ধরে ঝালদা পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে শহরের বিভিন্ন মহলে তীব্র অসন্তোষ ও একের পর এক অভিযোগ সামনে আসছিল।
ঝালদা পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে টানাপোড়েন চলছিল। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, রাজ্য সরকার পরিবর্তনের পর পুরুলিয়ার এই পুরসভার রাজনৈতিক সমীকরণ আরও জটিল আকার ধারণ করেছিল। পুর পরিষেবা নিয়ে অসন্তোষের আবহেই পুরপ্রধানের এই আচমকা পদত্যাগ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা ও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।