নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে উপচে পড়ল ধর্মপ্রাণ মানুষের ভিড়। পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামাতে প্রাচীন নিয়ম ও প্রথা মেনে পরম শ্রদ্ধায় পালিত হলো এ বছরের উল্টো রথ উৎসব ।
বিকেল গড়াতেই চেলিয়ামা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের ঢল নামতে শুরু করে রাস্তায়। ভক্তদের সমাগমে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সমগ্র অঞ্চল জুড়ে। প্রাচীন প্রথা মেনে রথযাত্রার সূচনা হয় চেলিয়ামার অদূরে অবস্থিত বাঘড়াই চন্ডীর মন্দির থেকে। সেখান থেকে উল্টো রথ বের হয়ে চেলিয়ামার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ও এলাকা পরিক্রমা করে। রথ টেনে নিয়ে যাওয়ার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। সবশেষে শোভাযাত্রাটি গিয়ে পৌঁছায় বৈষ্ণব পাড়ার ঐতিহাসিক মনোহর দাস জগন্নাথ মন্দিরে, সেখানেই সমাপনী নিয়মাদি সম্পন্ন হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্র মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি। তিনি সাধারণ মানুষের সঙ্গে এই আনন্দ উৎসবে শামিল হন।প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য বজায় রেখে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে চেলিয়ামার এই প্রাচীন উল্টো রথযাত্রা সম্পন্ন হলো।