শিক্ষা ব্লক

জয়পুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে সংবর্ধনা, শিক্ষা সংস্কারের পাশে সংঘের শিক্ষক সংগঠন

এবিআরএসএম বা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মঞ্চ একটি সর্বভারতীয় শিক্ষক সংগঠন। প্রতিষ্ঠা ১৯৮৮ সালে। প্রাক-প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষকদের একটি জাতীয় মঞ্চ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। শিক্ষক-শিক্ষাকর্মীদের স্বার্থরক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং ভারতীয় দর্শন ও সাংস্কৃতিক জাতীয়তাবোধভিত্তিক শিক্ষা ভাবনার প্রসারে তারা কাজ করে।
জয়পুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে সংবর্ধনা, শিক্ষা সংস্কারের পাশে সংঘের শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মঞ্চ (এবিআরএসএম)-এর পক্ষ থেকে জয়পুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক  জগন্নাথ প্রামানিককে সংবর্ধনা জানানো হল। সংগঠনের প্রতিনিধিদল বুধবার তাঁর দপ্তরে গিয়ে ফুল ও উত্তরীয় দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি কিরিটি কুমার, জেলা সম্পাদক দয়াময় মল্লিক-সহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তারা আগ্রহী। এদিন বিভিন্ন শিক্ষাগত সমস্যা ও পরিকাঠামোগত বিষয় নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করেন সংগঠনের সদস্যরা। শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়।

উল্লেখ্য, এবিআরএসএম বা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মঞ্চ একটি সর্বভারতীয় শিক্ষক সংগঠন। প্রতিষ্ঠা ১৯৮৮ সালে।  প্রাক-প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষকদের একটি জাতীয় মঞ্চ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। শিক্ষক-শিক্ষাকর্মীদের স্বার্থরক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং ভারতীয় দর্শন ও সাংস্কৃতিক জাতীয়তাবোধভিত্তিক শিক্ষা ভাবনার প্রসারে তারা কাজ করে।

এবিআরএসএমকে সাধারণভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র ভাবধারায় অনুপ্রাণিত সংগঠন হিসেবে দেখা হয়। আরএসএস ১৯২৫ সালে ড. কেশব বলিরাম হেডগেওয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দেশের বৃহত্তম সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আরএসএস। তাদের আদর্শের অন্যতম ভিত্তি হল সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সামাজিক সংগঠন গড়ে তোলা এবং বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা। শিক্ষা, ছাত্র, শ্রমিক ও সমাজসেবামূলক নানা ক্ষেত্রে আরএসএস-প্রভাবিত একাধিক সংগঠন কাজ করে থাকে।

শিক্ষা নিয়ে আরএসএস-ঘনিষ্ঠ সংগঠনের বক্তব্য, দেশের শিক্ষাব্যবস্থায় ভারতীয় ঐতিহ্য, মাতৃভাষা, নৈতিক শিক্ষা এবং স্থানীয় জ্ঞানচর্চার উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জয়পুরে এদিনের কর্মসূচিতে সংগঠনের নেতারা জানান, প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তারা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন।