নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
রেলের ওভারহেড বিদ্যুৎবাহী তার ছিঁড়ে বিপত্তি আদ্রা ডিভিশনের বরাভূম রেল গেটের কাছে। এই ঘটনার জেরে পুরুলিয়া-চান্ডিল রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। পুরুষোত্তম এক্সপ্রেস সহ বেশ কয়েকটি দূরপাল্লার ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে প্রায় ৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকে। তীব্র গরমে ট্রেনের ভেতরে ও স্টেশনে আটকে থেকে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল ৯:৪৫ থেকে ১০:০০ টার মধ্যে হঠাৎ একটি বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায়, বরাভূম রেল গেটের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন ওভারহেড বিদ্যুৎবাহী তারটি ছিঁড়ে নিচে পড়ে গেছে।
ঘটনার সময় রেল গেটটি খোলা ছিল এবং নিচ দিয়ে নিত্যযাত্রীসহ প্রচুর যানবাহন পারাপার করছিল। তারটি যখন ছিঁড়ে পড়ে, তখন নিচে থাকা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বিদ্যুৎবাহী তারটি সরাসরি কারও গায়ের ওপর না পড়ায় এক বড়সড় দুর্ঘটনা এবং নিশ্চিত প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন পথচারীরা।
রেল গেটের ওপর তার ছিঁড়ে পড়ার কারণে নিরাপত্তার স্বার্থে ওই রাস্তায় সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে রেল গেটের দুপাশে গাড়ি এবং মানুষের লম্বা লাইন পড়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেল পুলিশ আরপিএফ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই ক্ষয়ক্ষতি সামাল দিতে রেলের উচ্চপদস্থ কর্মকর্তা, টেকনিক্যাল টিম এবং টাওয়ার ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যুদ্ধকালীন তৎপরতায় ওভারহেড তার মেরামতের কাজ শুরু করা হয়।