সাধারণ খবর ব্লক

লোপাট হওয়া ২৬০টি ফোন ফিরিয়ে দিয়ে নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ

জেলা জুড়ে লোপাট হওয়া ২৬০টি মোবাইল ফোন উদ্ধার করে নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার প্রাপ্তি নামক একটি বিশেষ উদ্যোগের মাধ্যমে বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই ফোনগুলি।
লোপাট হওয়া ২৬০টি ফোন ফিরিয়ে দিয়ে নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কারও বা হারিয়ে গিয়েছিল অসাবধানতায়। কারও বা চুরি গিয়েছিল প্রিয় মোবাইল ফোনটি। সেই মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বহু মানুষ। কিন্তু পুলিশের বিশেষ উদ্যোগ বাস্তব রূপ দিল সেই আশাকেই । জেলা জুড়ে লোপাট হওয়া ২৬০টি মোবাইল ফোন উদ্ধার করে  নজির গড়ল পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার প্রাপ্তি নামক একটি বিশেষ উদ্যোগের মাধ্যমে বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই ফোনগুলি।

বেশ কিছু দিন ধরেই জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগ আসছিল। সমস্যা সমাধানে পুরুলিয়া জেলা পুলিশ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সাইবার ও ট্র্যাকিং অভিযান শুরু করে। এই উদ্যোগের নামই প্রাপ্তি । ট্র্যাকিং প্রযুক্তির সাহায্য নিয়ে একের পর এক ফোনের অবস্থান চিহ্নিত করে অবশেষে ২৬০টি হ্যান্ডসেট উদ্ধার করতে সক্ষম হন তদন্তকারীরা।

বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার শীর্ষ পুলিশ কর্তাদের উপস্থিতিতে ফোনগুলি ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ফিরে পেয়ে উপস্থিত সাধারণ মানুষের চোখে-মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

পুলিশ সুপার কুমার শানি রাজ
বলেন, "জেলাবাসীর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আমরা 'প্রাপ্তি' পরিষেবা শুরু করেছি। আমাদের পুলিশের দল প্রযুক্তি ব্যবহার করে জেলা ও জেলার বাইরে থেকে ২৬০টি উদ্ধার হওয়া মোবাইল ফোন আসল মালিকদের হাতে তুলে দিয়েছে। সাধারণ মানুষের সুরক্ষার পাশাপাশি তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়াও আমাদের কাছে অগ্রাধিকার পায়। এই ধরনের প্রযুক্তিভিত্তিক অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।"

পুলিশের এই পদক্ষেপ ও প্রযুক্তি নির্ভর অভিযানের প্রশংসা করছেন জেলার সাধারণ মানুষজন। আর যাঁরা ফেরত পেলেন ফোন, তাঁরা যে দুহাত তুলে পুরুলিয়া জেলা পুলিশকে অভিবাদন জানাবেন, তা বলাই বাহুল্য।